শীতের প্রস্থানপানে চেয়ে
একপশলা বৃষ্টির স্বপ্ন দেখছি,
শুধু বৃষ্টি নয়, বৃষ্টি আর
সাত্তোঙী; সেই কবে কোন
বালিশে একরাশ চুল মেলেছে
সে, বৃষ্টিমাখা চুল।
তার খোঁজে হয়েছি মরিয়া যত
তারও বেশি চেয়েছি নিতে
সেই বালিশের ঘ্রাণ।
বিদ্যুতের তারে বসে ত্থাকে
একটি কাক, সহসা
আমি হয়ে যাই সে;
কাঁ কাঁ আর্তনাদে হৃদয়
নিংড়ে দিই, শুধু—
সাত্তোঙির চুলের ঘ্রাণমাখা
বালিশের শুণ্যতাবোধে
কেনইবা, আমার কোন অপরাধে
চঞ্চলাবতী কিশোরীর মতো
উচ্ছল চুল তার সে ভিজিয়েছিলো
অকালবৃষ্টিতে, আর কেনইবা
মেলেছিলো সেই ভেজা চুল
দুষ্প্রাপ্য এক বালিশে
সাদা বক উড়ে যায়, জ্বলে ওঠে
ল্যাম্পপোস্টের হলদে আলো;
হঠাৎ নামে বৃষ্টি, শীতল হাওয়া এসে
আমাকে জাগায়, জেগে ভাবি
আজও কি ভিজছে সাত্তোঙী?
আবার বেমালুম ভুলে ভেজা চুল
ছড়িয়ে দেবে কোন বালিশে
আসছে জনম আমি হয়তো
বৃষ্টি হবো, অথবা বালিশ হবো—
মন্তব্যসমূহ: